আমাদের ভারত, ৪ জানুয়ারি: আর মাত্র ১০ দিনের মধ্যে দিল্লিতে দৈনিক করোনা আক্রান্ত ২০-২৫ হাজারে পৌঁছাতে পারে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সরকারের এক সূত্র।
মঙ্গলবার রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজার মানুষ। সংক্রমণের হার ৮.৫ শতাংশ। সংক্রমনের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে রাজধানীতে লকডাউন হবে কি না তা নিয়ে একটা জল্পনা চলছিল। যদিও এখনই লকডাউনের পথে সরকার হাঁটবে না বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।
ওমিক্রনের কারণে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মহারাষ্ট্র দিল্লির পরিস্থিতি ভয়াবহ। আগামী দিনে রাজধানীর পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকারি সূত্র। তারা মনে করছেন আগামী ৮ জানুয়ারির মধ্যে দিল্লিতে দৈনিক সংক্রমণ ৮-৯ হাজার পৌছবে। একইসঙ্গে ওমিক্রনকে কোনোভাবেই হালকা ভাবে না নেওয়ার কথা জানানো হয়েছে। এইমস সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, যা যথেষ্ট উদ্বেগের। সংক্রমণে হার বাড়লে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়বে।
হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায়, সমস্ত স্বাস্থ্য কর্মীদের শীতকালীন ছুটি কমিয়ে দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। বর্তমানে দিল্লিতে হলুদ সর্তকতা বহাল রয়েছে। তবে সংক্রমণের হার যদি দুদিন ৫ শতাংশের ওপরে থাকে তাহলে সরকার চূড়ান্ত সর্তকতা ও কঠোর বিধিনিষেধ জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।

