রাজেন রায়, কলকাতা, ৪ জানুয়ারি: সালকিয়ার হোমের আবাসিকদের উপর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট৷ ওই ধরনের ঘটনা আটকাতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত পরিকল্পনা সহ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল আদালত৷
প্রধান বিচারপতি বললেন, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷’ গত ২১ নভেম্বর সালকিয়ার একটি বেসরকারি হোমে আবাসিকদের উপর যৌন হেনস্থার অভিযোগ ওঠে৷ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই হোমে নানা ধরনের অবৈধ কাজকর্ম চলত৷ আবাসিকদের যৌন হেনস্তার পাশাপাশি মারধরও করা হত৷ হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ ওই হোমের মালিক। তৃণমূল নেত্রীর ছেলেও ওই হোমের সঙ্গে যুক্ত৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ কয়েকজনকে গ্রেফতার করে৷ ধরা পড়েন এক সরকারি আধিকারিকও৷ পরে পুলিশ ডেপুটি মেয়রের ছেলেকে গ্রেফতার করে৷
ওই ঘটনা নিয়ে তৃণমূলের অন্দরে আলোড়ন পড়ে৷ প্রশ্ন ওঠে, পুলিশের নাকের ডগায় প্রাক্তন ডেপুটি মেয়রের বাড়ির সদস্যরা কেমন করে ওই হোম চালাতেন? যৌন হেনস্তা নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা৷ মঙ্গলবার শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যৌন হেনস্থা, পকসো সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে৷

