আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ জুন: তোলাবাজি, খুনের হুমকি, ভোট সন্ত্রাস সহ একাধিক গুরুতর অভিযোগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বারাসত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে তাকে গাইঘাটা থানায় নিয়ে যাওয়া হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিতে থানার সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ জানাতে অনেকেই ট্রে ভর্তি ডিম নিয়ে উপস্থিত হন। পরে মেডিক্যাল পরীক্ষার জন্য নিরূপম রায়কে থানার বাইরে নিয়ে আসা হলে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং নিরূপম রায়ের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়। নিরাপত্তার বলয়ে নিরূপম রায়কে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে গোটা এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, নিরূপম রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি থানার সামনে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারি এবং পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে গাইঘাটা সহ বনগাঁ মহকুমার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

