দীর্ঘদিনের দাবি পূরণ, অবশেষে দার্জিলিং মেল চলবে হলদিবাড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ আগস্ট: দীর্ঘদিনের দাবি পূরণ ও প্রতীক্ষার অবসান হল। অবশেষে দার্জিলিং মেল ট্রেন হলদিবাড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত এখন থেকে যাতায়াত করবে। কেন্দ্রীয় সরকারের তরফে জলপাইগুড়ি ও হলদিবাড়ির বাসিন্দাদের জন্য এটি স্বাধীনতা দিবসের উপহার বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।

এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে দার্জিলিং মেল। জলপাইগুড়ি টাউন স্টেশন, নিউ জলপাইগুড়ি (এনজেপি) হয়ে শিয়ালদহ পৌঁছবে দার্জিলিং মেল। রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১২৩৪৩/১২৩৪৪ আপ ও ডাউন দার্জিলিং মেল শিয়ালদ ও হলদিবাড়ির মধ্যে চলাচল করবে।

দার্জিলিং মেলের উপর নির্ভরশীল জলপাইগুড়ি, হলদিবাড়ির বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি ছিল দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে চালানো হোক। এতদিন শিয়ালদহ থেকে রাত ১০টা ৫ মিনিটে দার্জিলিং মেল ছেড়ে এনজেপি পর্যন্ত আসত। এ বার থেকে দার্জিলিং মেল এনজেপির বদলে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত যাবে। অন্য দিকে, ১২৩৪৪ দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর পূর্ব রেলের তরফে এক নোটিস জারি করে জানানো হয় যে, ২০২০ সালের ১০ এপ্রিলের পর থেকে হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের সংযোগকারী কোচ দু’টি স্থায়ী ভাবে তুলে নেওয়া হবে। তার পর থেকেই বন্ধ হয়ে যায় ওই পরিষেবা। ওই রুটের ঐতিহ্যবাহী ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছিল হলদিবাড়ি ও জলপাইগুড়ির রেল যাত্রীদের মধ্যে।

সাংসদ বলেন, ‘দুই শহরের ব্যাবসায়ী সহ সব মহল থেকে আমার কাছে দার্জিলিং মেল চালুর দাবি করা হয়েছিল। আমি রেল মন্ত্রণালয়ে ও রেল বোর্ডে একাধিক বার জানিয়েছি। সেই খুশির খবর এসেছে। দুই শহরবাসী স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে এই উপহার পেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *