আমাদের ভারত, মালদা, ৯ আগস্ট: ডাক্তার পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুত্ব করে মালদার মহিলার কাছ থেকে ১৬ লক্ষ টাকা প্রতারণা। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। অভিযোগের তদন্ত নেমে দিল্লি থেকে এক নাইজেরিয়ানকে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেয় মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ।
জানা গিয়েছে, মালদহের মোথাবাড়ি থানা এলাকার এক মহিলার সাথে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে নাইজেরিয়ান ওই যুবক। নিজেকে ডাক্তার পরিচয় দেয়। ফেসবুকে তাদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে। মালদায় এসে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই নাইজেরিয়ান যুবক। দিল্লি কাস্টমস অফিসে এসে সমস্যায় পড়ে এমনই গল্প তৈরি করেন ওই নাইজেরিয়ান যুবক। তারপর মালদার মহিলার কাছে টাকা চেয়ে পাঠায়। এইভাবে দুই মাসের ব্যবধানে প্রায় ১৫ লক্ষ টাকা নেয় ওই মহিলার থেকে। এরপর ওই মহিলা বিষয়টি বুঝতে পেরে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তের নেমে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের একটি টিম দিল্লি যায়। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে মালদায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাইজেরিয়ান যুবকের নাম বেনেডিট। বর্তমানে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের হেফাজতে রয়েছে।

