পশু পাখিদের জন্য “বিনে পয়সার ক্যান্টিন” পটাশপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে পশু পাখিদের জন্য পটাশপুরে শুরু হল ‘বিনে পয়সার ক্যান্টিন’। এখানে অবলা প্রাণীদের জন্য দিনরাত খাবার পাওয়া যাবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট জুয়েল স্টার ক্লাবের উদ্যোগে এই ক্যান্টিন খোলা হয়েছে।

বর্তমান সময়ে পৃথিবী জুড়ে পশুপাখির আশ্রয়স্থল কমছে। আশ্রয়হীন হয়ে মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে তারা। তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে খাল-বিল নদী-নালা। গরমের দাবদাহে মানুষের পাশাপাশি বেহাল অবস্থা পশু-পাখিদেরও। তাই বছরভর পশু পাখিদের জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করল পঁচেট স্টার ক্লাব। যার নাম দেওয়া হয়েছে ‘বিনে পয়সার ক্যান্টিন’। এই ক্যান্টিন চালু হওয়ায় মুখে হাসি ফুটেছে এলাকার পশুপ্রেমীদের। ‘বিনে পয়সার ক্যান্টিনে’ যথেচ্ছ খাবার ও পানীয় জল পেয়ে প্রাণে বাঁচছে অবলা প্রাণীর দল। ওদের জন্য থাকছে ভাত, মুড়ি, গম, কলা, আঙুর, শসা, কাঁচা ছোলা, গম, ভুট্টা, বাদাম এবং পানীয় জল। খাবার পরিবেশন করা হচ্ছে রাস্তার ধারে ইট সিমেন্টে বাঁধানো বড়ো পাত্রে। ২৪ ঘণ্টা খোলা এই ক্যান্টিন। আবলাদের যখন ইচ্ছে তখন এসে মনে ভরে খেতে পারে।

সংস্থার এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সারা বছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকে এই সংস্থা। পাখিদের আশ্রয়ের জন্য কৃত্রিম বাসা তৈরি করা, গাছ লাগানো সহ পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে থাকে। পরিবেশ দিবসে সংস্থার পাশে থাকার অঙ্গীকার করেছেন এলাকার পশু প্রেমীরা।

বিনে পয়সার এই ক্যান্টিন সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষ  জানান, অবলা জীবেরা যাতে অনাহারে না থাকে তাই তাদের এই উদ্যোগ। স্থানীয়দের কাছে কর্তৃপক্ষের আবেদন, প্রত্যেকে যেন তাদের বাড়ির অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে পশু পাখিদের স্বার্থে ক্যান্টিনে দিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *