মেদিনীপুরে দুটি ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন তৃণমূলের চারজন প্রার্থী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার দুই ও চৌদ্দ নম্বর ওয়ার্ডে দু’জন করে তৃণমূল প্রার্থী জোর কদমে দেওয়াল লিখন শুরু করায় দলের কর্মী সমর্থকরা কাকে ভোট দেবেন তা নিয়ে ধন্দে পড়েছেন। বিষয়টি নিয়ে ওই দুই ওয়ার্ডের অলিতে-গলিতে জোর চর্চা শুরু হয়েছে। কর্তাকে ভাত বেড়ে দিয়ে তৃণমূল সমর্থক গিন্নিদের প্রশ্ন, হ্যাঁগো কাকে ভোট দেব? 

প্রথম তালিকা অনুযায়ী বিদায়ী কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা নায়েক এবং দ্বিতীয় তালিকায় নাম থাকা সংঘমিত্রা পাল দু’জনেই চৌদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে দেওয়াল লিখন সহ প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ড সভাপতি বরুণ বসু অবশ্য রয়েছেন সংঘমিত্রা পালের পাশে। অন্যদিকে, দু নম্বর ওয়ার্ডেও একই রকম সমস্যা দেখা দিয়েছে। ওই ওয়ার্ডে প্রথম তালিকায় নাম থাকা বিদায়ী কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী এবং দ্বিতীয় তালিকাভুক্ত মিতালী ব্যানার্জি তৃণমূলের প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছেন। চলছে দু’জনের নামে দেওয়াল লিখন। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে মুখে কুলুপ এঁটেছেন দলের জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *