Accident, Bangaon, বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম চার ছাত্রী, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো চার ছাত্রী ও এক ভ্যান চালক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার অন্তর্গত যশোর রোডের জামতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত অনন্যা বিশ্বাস, মেঘা সরকার, সালমা মণ্ডল ও দিশারায় ঠাকুর হরিদাস গার্লস হাই স্কুলের ছাত্রী। অনন্যা, মেঘা ও সালমা নবম শ্রেণির ছাত্রী এবং দিশা রায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাদের সকলের বাড়ি পেট্রাপোল এলাকায়। সোমবার মর্নিং স্কুল শেষ করে তারা একটি ভ্যানে চেপে যশোর রোড ধরে বাড়ি ফিরছিল। অভিযোগ, পেট্রাপোলগামী একটি চারচাকা গাড়ি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে ভ্যানটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানে থাকা ছাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে এক ছাত্রীর হাতে ও পায়ে সামান্য আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য চার ছাত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে চোট লাগে। ভ্যান চালকের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া হাসপাতালে প্রতিনিধি পাঠান। প্রতিনিধি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার জানান, “ভ্যান চালকের আঘাত গুরুতর হলেও চিকিৎসা চলছে। আহত চার ছাত্রীর মাথায় আঘাত লেগেছিল। বর্তমানে তারা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *