আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জানুয়ারি: তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আজ সকালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে গ্রুপ ডি পদে কাজে যোগ দিতে এলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদেরকে তমলুক থানার পুলিশের হাতে তুলে দেন।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায় জানিয়েছেন, আজ সকালবেলা চারজন গ্রুপ ডি পদে পূর্ব মেদিনীপুর জেলায় যোগদানের জন্য নিয়োগপত্র নিয়ে আসে। চাকরিতে যোগ দিতে আসা প্রার্থীদের মধ্যে তিনজন মহিলা এবং একজন যুবক। সেই নিয়োগপত্র দেখে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সন্দেহ হয় এবং তিনি কলকাতায় স্বাস্থ্য ভবনে যোগাযোগ করে জানতে পারেন এই নিয়োগপত্র গুলি ভুয়ো। তারপর তিনি চাকরিতে যোগ দিতে আসা তিনজন মহিলা ও এক যুবককে তমলুক থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই চারজনের মধ্যে তিনজন মেচেদার বাসিন্দা এবং একজন নন্দীগ্রামের বাসিন্দা বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ সূত্রে জানা গেছে, কাজে যোগ দিতে আসা এই চারজন একজন লোক মারফত এই নিয়োগপত্র পেয়েছে। কাজে যোগ দিতে আসা প্রার্থীরা জানিয়েছেন, যে তারা স্বাস্থ্য ভবনে গিয়ে পরীক্ষা দিয়ে এই নিয়োগপত্রগুলি পেয়েছেন। তবে তারা বুঝতে পারেনি যে এই নিয়োগপত্র গুলি ভুয়ো। এই ঘটনার পরে চাকরি পেতে আসা চারজন কান্নায় ভেঙে পড়েন এবং তারা প্রতারিত হয়েছেন বলে জানান। তবে এইভাবে চাকরি পাওয়ার জন্য তারা কত টাকা দিয়েছেন সেটা জানা যায়নি। তমলুক থানার পুলিশ তাদেরকে থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অভিযুক্তকে ধরার জন্য। চাকরিতে যোগ দিতে আসা ৪ জনের সঙ্গে আসা পরিবারের লোকদেরকেও পুলিশ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।


