ডায়মন্ড হারবারে হোটেল থেকে গ্রেফতার চার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ৪ সেপ্টেম্বর: আবারো বড়সড় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার। গোপনসূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারের স্কাইলার হোটেল থেকে চারজনের একটি দুষ্কৃতী দলকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। উদ্ধার করা হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রের খবর, ওই দুষ্কৃতীদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার বন্দুক, দুটি সেভেন এম এম বন্দুক, দুটি ম্যাগাজিন, দুটি ভোজালি সহ বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

ধৃতদের নাম সইদুল মীর, রাহুল মোল্লা, আজগর আলি হালদার ও ভুবন নিয়োগী। ঘটনার সূত্রপাত গত ২রা সেপ্টেম্বর। ঐদিন দুষ্কৃতী দলের কাছে খবর আসে কোনও এক ব্যাংক এজেন্ট নগদ এক লক্ষেরও বেশি টাকা নিয়ে ডায়মন্ড হারবার থানার নৌসা থেকে আসছে। এরপরই ওই চার দুষ্কৃতী দল নৌসা প্রাইমারি স্কুলের সামনে ঘেরাও করে ওই ব্যাংক এজেন্টকে। ওই ব্যাংক এজেন্ট এর সাথে ছিলেন শান্তনু ঘোষ নামে এক স্কুল শিক্ষক, তাকেও ওই দুষ্কৃতী বাহিনী মারধর করে এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাগে কোনো টাকা ছিল না। এরপর বিষয়টি জানাজানি হতেই ওই চার দুষ্কৃতী গা ঢাকা দেয় ডায়মন্ড হারবারের স্কাইলার হোটেলে।

ডায়মন্ড হারবার থানার পুলিশের কাছে গোপন সূত্রে সেই খবর আসে। এরপরই ডায়মন্ড হারবার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির নির্দেশে ডায়মন্ড হারবার এসডিপিও মিঠুন কুমার দে ও ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে একটি স্পেশাল তদন্তকারী দল গঠন করা হয়। সেই দলই তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার গ্রেফতার করে দুষ্কৃতীদের। শনিবার দুষ্কৃতীদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *