তিন মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস, চারদিন পর অনশন বিক্ষোভ তুললেন কৃষ্ণনগর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জানুয়ারি: তিন মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে অবশেষে চারদিন পর অনশন বিক্ষোভ তুলে নিল নদিয়ার কৃষ্ণনগর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন নদিয়ার কৃষ্ণনগর সদর এবং শক্তিনগর জেলা হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। তাদের দাবি, দীর্ঘ আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। একাধিকবার হাসপাতাল সুপারকে এই বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি বেতনের দাবি নিয়ে তারা জেলাশাসক এবং নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অবশেষে তারা চার দিন আগে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি হাসপাতালের পাশেই একটি অনশন মঞ্চ বেঁধে সেখানে প্রতিবাদ জানাতে থাকে নিরাপত্তা রক্ষীরা। অবশেষে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তিন মাস বেতন পরিশোধের আশ্বাস পেলে তারা বিক্ষোভ তুলে নেয়।

অনশনকারী এক নিরাপত্তারক্ষী বলেন, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে যাতে আমরা অনশন তুলে নিই। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার কারণেই আমরা আপাতত বিক্ষোভ তুলে নিচ্ছি। যদি প্রতিমাসে আমাদের বেতন সঠিকভাবে না দেওয়া হয় সেইসঙ্গে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয় আগামী দিনে আমরা আবারও আন্দোলনে নামব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *