কোভিড বিধির মধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুরুলিয়ার বিভিন্ন নদীতে পুণ্যার্থীদের সমাগম

সাথী দাস, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: কোভিড বিধির মধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুরুলিয়ার বিভিন্ন নদীগুলিতে পুণ্যার্থীদের ভিড় হল। পরম্পরা মেনে পূণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। তবে বন্ধ থাকল ঐতিহ্যবাহী মেলা। বেলা বাড়তেই ঝালদার আন্তঃরাজ্য তুলিনে সুবর্ণরেখা নদীতে ভিড় দেখা যায় পুণ্যার্থীদের। যদিও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মকর মেলা বন্ধ রাখা হয়। বিধি মেনে পুণ্যস্নানে ছিল ছাড়, সেই মতো আজ প্রশাসনও ছিল তৎপর। তবে, দূরত্ব বিধি শিকেয় উঠে। ছিল না উপস্থিত মানুষের মুখে মাস্ক।

সুবর্ণরেখা নদীর তীরে দাঁড়িয়ে ঝালদার পুণ্যার্থী অশোক কুমার সাউ, ভবতোষ কুমার ও ফণিভূষণ কুমার জানান, “পুরুলিয়া জেলার এক অন্যতম ঐতিহ্য মকর ও টুসু মেলা। তাই আমরা প্রতি বৎর মকর সংক্রান্তিতে আসি তুলিন সুবর্ণরেখা নদীতে। কিন্তু এবারও করোনার জন্য ভিড় অনেক কম হয়। এবার মেলাও বন্ধ রয়েছে। নদীর ওপারে ঝাড়খণ্ডের মানুষ এপারে এই রাজ্যের মানুষের বসবাস। এখানের মেলা মিলন ক্ষেত্র হয়ে উঠত। এবার তার ব্যতিক্রম ঘটল।”

পুরুলিয়া শহরের কাছে কংসাবতী নদীর চরে লক্ষাধিক মানুষের সমাগম হতো, এবার তার ছিঁটে ফোঁটাও ছিল না। চৌডলে রাখা টুসুর বিসর্জন দেখতে ভিড় ছিল না। হুড়া থানা এলাকার মহাদেব বেড়ায়, জয়পুরের দেউলঘাটায় এবং কাঁসাই নদীর তীরে জনসমাগম ঘটে নি। নদীতে স্নান সেরে শিবতীর্থে পুজো দেন কিছু পুণ্যার্থী। নীতুড়িয়ার দামোদর নদের চরেও ছিল ব্যতিক্রমী দৃশ্য। শুধু মাত্র পুণ্যার্থীদের স্নান করতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *