সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ আগস্ট: প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখাৰ্জি। আজ সকালে বাঁকুড়া জেলা পুলিশ বিষ্ণুপুরের একদা দোৰ্দন্ডপ্ৰতাপ এই প্ৰাক্তন তৃণমূল তথা রাজ্যের প্ৰাক্তন মন্ত্ৰীকে গ্রেপ্তার করে। তাঁর গ্ৰেপ্তারের খবর চাউর হতেই সারা বিষ্ণুপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছু দিন আগেই তার বিরুদ্ধে তছরূপের অভিযোগ ওঠে। বিষ্ণুপুর পুরসভার রাস্তা ঘাট নিৰ্মাণ সংক্ৰান্ত বিষয়ে তছরূপের অভিযোগ ওঠে। পুরসভার অডিট রিপোৰ্টে তা ধরা পড়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
এ বিষয়ে বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, আজ সকালে ওনাকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগে (৯.৯১ কোটি টাকা) তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এসডিপিও বিষ্ণুপুর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে তদন্ত করে একটা রিপোর্ট জমা দেয়, তার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।আজ তাঁকে আদালতে তোলা হলে বিচারপতি চারদিনের পুলিশি হেফাজতের নিৰ্দেশ দেন।
উল্লেখ্য, বৰ্ষীয়ান নেতা শ্যামাপ্ৰসাদ বাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। একটানা প্ৰায় ৩০ বছর তিনি বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্ৰ থেকে তিনি বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্ৰীসভার আবাসন মন্ত্রী হন। বিগত বিধানসভা নিৰ্বাচনে দলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। তারপর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইলেও দল সেই আবেদন খারিজ করে দেয়। এমনকি দুৰ্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এড়িয়ে যান।
এ ব্যাপারে বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্থি বলেন, উনি বর্তমানে বিজেপিতে থাকলেও সক্রিয় রাজনীতি উনি করেননি। তাছাড়া ওনার বিরুদ্ধে যখন অভিযোগ তখন উনি তৃণমূলের ছিলেন। সে যাই হোক তৃণমূলই এতদিন পর কেন তার বিরুদ্ধে তদন্ত করল? এবং উনি একজন বয়স্ক মানুষ সব দিক বিচার করে সবকিছু করা উচিত।

