মিশনারিজ অফ চ্যারিটির মতো জামিয়া মিলিয়া সহ ৬ হাজার সংস্থার বিদেশি অনুদানের অনুমোদন রদ হয়ে গেল

আমাদের ভারত, ১ জানুয়ারি: পুনর্নবীকরণ হয়নি মিশনারিজ অব চ্যারিটির বিদেশি টাকা অনুদান নেওয়ার লাইসেন্সের। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই মেয়াদ বাড়ানোর পর তা বন্ধ হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার মিশনারিজ অফ চ্যারিটির মতো দেশের প্রায় ৬ হাজার বেসরকারি সংস্থার বিদেশি অনুদানের অনুমোদন লাইসেন্স আপাতত বাতিল হয়ে গিয়েছে বলে জানাগেছে। এর মধ্যে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, অক্সাম ইন্ডিয়া ট্রাস্ট, ইন্ডিয়ান ইউথ সেন্টার্স ট্রাস্ট, টিউবরকুলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের মতো একাধিক সংস্থা।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নতুন করে লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন না করার কারণেই এই সংস্থাগুলির লাইসেন্সের মেয়াদ স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ হয়ে গিয়েছে। সংস্থাগুলিকে লাইসেন্স পুনর্নবীকরণের কথা মনে করিয়ে দেওয়া হলেও তারা আবেদন করেনি‌। শুক্রবার ছিল আবেদন করার শেষ দিন। অন্যদিকে সংস্থার তরফে জানানো হয়েছে ছাড়পত্র পুননর্বীকরণের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মোট ১৬ হাজার ৮২৯ টি স্বেচ্ছাসেবী সংস্থা এফসিআরএ লাইসেন্সের মেয়াদ আবেদনের ভিত্তিতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের মোট ২২,৭৬২টি এনজিও এফসিআরএ আইনের আওতাধীন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, বেশকিছু অপ্রীতিকর খবর পেয়েই মিশনারিজ অব চ্যারিটির এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। গুজরাটে সংস্থার বিরুদ্ধে বলপূর্বক ধর্মান্তকরণের জন্য থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *