ওমিক্রন উদ্বেগ! ১৫ ডিসেম্বর থেকে স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা

আমাদের ভারত, ১ ডিসেম্বর:করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। “হু” নির্ধারিত ঝুঁকিপূর্ণ ১৪টি দেশ থেকে আসা যাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে ভারত। সম্প্রতি ভারত সহ গোটা বিশ্বে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল।সেই কারণেই ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে তা থেকে পিছিয়ে আসতে চাইছে কেন্দ্র বলে সূত্রের খবর।

জানা গেছে ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হচ্ছে না। কবে থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।বর্তমান পরিস্থিতিতে আগের পদ্ধতিতে অর্থাৎ এয়ার বাবল পদ্ধতিতেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গোটা বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।পরবর্তীকালে আন্তর্জাতিক বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে সে দিনক্ষন জানিয়ে দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকাতেই প্রথম খোঁজ মিলেছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের। ফলে ভাইরাসের এই নতুন রূপের মোকাবিলায় ব্যবস্থা নিতে শুরু করেছে বিশ্বের সব দেশ। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করা হচ্ছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার দেশে আসা বিদেশীদের ভ্রমণবিষয়ক নতুন নির্দেশিকা জারি করেছে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। নির্দেশে বলা হয়েছে অন্য দেশ থেকে আগত পর্যটকদের বাধ্যতামূলক আর্টিফিসিয়াল ও অন্তত ১৪ দিনের ভ্রমণের তথ্য জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *