বিশ্ব এইডস দিবসে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে বুধবার সকালবেলা জেলা স্বাস্থ্য দপ্তরের অফিস থেকে একটি বর্ণাঢ্য সুসজ্জিত পদযাত্রা শহর পরিক্রমা করে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।

স্বাস্থ্য দফতরের কর্মীরা ছাড়াও এনসিসি বিভাগের ছাত্ররা এবং আইনি সচেতনতা বিভাগের কর্মীরা এই পদযাত্রায় যোগদান করে। এই পদযাত্রায় পা মেলান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ বিভাস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, জেলা আইনী পরিষেবা বিভাগের সম্পাদক বিচারক সুমন কুমার ঘোষ। স্বাস্থ্য দপ্তরের বহু আধিকারিকও এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

পদযাত্রা শেষে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে এইডস এর ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন করতে পুতুল নাচ, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং একটি ক্রিকেট খেলারও আয়োজন করা হয়েছে। এই ক্রিকেট খেলায় স্বাস্থ্য দফতরের কর্মীরা সহ অন্যান্যরা অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *