কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারি বৃষ্টি হলে সেখানকার জল গড়বেতা, চন্দ্রকোনা হয়ে ঘাটালের শিলাবতী নদীতে মেশায় জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ঘাটাল ব্লকের দেওয়ানচক হয়ে শিলাবতী নদীর জল অজবনগর পঞ্চায়েতের পান্নাতে ঢুকেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার ওপর দিয়ে জল বইছে। দেওয়ানচক, অজবনগর প্রভৃতি এলাকার কৃষিজমি জলে ডুবেছে।

ঘাটাল পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ডে রাস্তা জলমগ্ন। ভেতরে নিচু এলাকায় শাখা রাস্তাগুলি জলে ডুবেছে। মানুষজনকে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথাও ছোট ডিঙি চলছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রশাসন প্রস্তুত রয়েছে।

ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাটের বাড়ি পান্না গ্রামে। ওই গ্রামের রাস্তাও জলে ডুবে গেছে। বিধায়ক বলেন, ঘাটালে কিছু নিচু এলাকায় জল ঢুকেছে। প্রশাসন ও পুলিশ আগে থেকে বন্যা মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছে।


