CM, Sukanta, BJP, সুকান্তর বাড়িতে মুখ্যমন্ত্রীর জন্য খাওয়া দাওয়ার এলাহি আয়োজন, নিজে হাতে বালুরঘাটের স্পেশাল ডিস রাধলেন সুকান্ত জায়া

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: বালুরঘাটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তাই প্রশাসনিক কাজে গেলেও আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতেই নিমন্ত্রণ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর তার জন্যেই ঘরোয়া হলেও নিজের হাতে এলাহি আয়োজন করেছিলেন সুকান্ত জায়া। মেনুতে ছিল বালুরঘাটের স্পেশাল ডিস।

প্রশাসনিক সভা করতে বুধবার বালুরঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে রিভিউ মিটিং করার মাঝে দুপুরে মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে। আর মুখ্যমন্ত্রীর আপ্যায়নে বিন্দুমাত্র ফাঁক রাখেননি সুকান্ত জায়া। শুভেন্দু অধিকারীর পছন্দের কথা মাথায় রেখেই খাবারের মেনু সাজিয়েছিলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার।

মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম সুকান্ত মজুমদারের বাড়িতে এলেন শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর জন্য নিজে হাতে রান্না করেছেন সুকান্ত মজুমদারের স্ত্রী। আজ শুভেন্দু অধিকারীর পাতে ছিল পোলাও, ভাত, পাট শাক ভাজা, পটল পোস্ত, মুসুর ডাল, মৌরলা মাছের চচ্চড়ি, কাতলা মাছ, ভাপা ইলিশ, দেশি মুরগির ঝোল, খাসির মাংস। আর সঙ্গে ছিল বালুরঘাটের স্পেশাল ডিস রাইখর বা রাইখয়রা মাছ ভাজা। স্থানীয় আত্রেয়ী নদীতে এই মাছ পাওয়া যায়। এখানেই শেষ নয়, সমাপন পাতে ছিল চাটনি, রসগোল্লা ও নয়াবাজারের মিষ্টি দই।

তবে আজ সুকান্ত মজুমদারের বাড়িতে মুখ্যমন্ত্রী একাই এই আতিথেয়তা গ্রহণ করেননি, তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্ধথ মুখোপাধ্যায় ও আরেক মন্ত্রী নিশীথ প্রামাণিক। তারাও আজ সুকান্ত মজুমদারের বাড়িতে খাওয়া দাওয়া সারেন।

কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান মুখ্যমন্ত্রী। ঘরে ঢুকতেই দেখা যায় সুকান্ত মজুমদারের দুই কন্যাই পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীও সুকান্ত বাবুর দুই কন্যার জন্য উপহার নিয়ে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *