আমাদের ভারত, ১২ জুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো হেয়ার স্ট্রিট থানা। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় করা তার একটি মন্তব্যকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই পদক্ষেপ করলো পুলিশ। ঘৃণা ছড়ানো, উস্কানি, ভয় দেখানো ও শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে।
ভোটের প্রচারে গিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ছিল একটি সম্প্রদায় জোট বাঁধলে বারোটা বাজিয়ে দেবে। বাঁচতে হলে বিজেপির অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চলছিল। নেতাজী সুভাষচন্দ্র বোস রোডের বাসিন্দা তুষার কান্তি দাস গত ২০ মে নেতাজি নগর থানায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। অভিযোগ পত্রে মমতার সেই মন্তব্য তুলে দেওয়া হয়েছিল। দাবি করা হয়েছিল, কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করলেও এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে।
কলকাতা এবং সংলগ্ন একাধিক এলাকার ভোট পরবর্তী হিংসা এবং সাম্প্রদায়িক অশান্তির জন্য মমতার এই মন্তব্য দায়ী বলে দাবি করেছেন অভিযোগকারী। এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে হেয়ার স্ট্রিট থানা। করা হয়েছে
এফআইআর।
অভিযোগপত্রে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রাথমিকভাবে উস্কানিমূলক, হিংসাত্মক এবং সাম্প্রদায়িক। এর থেকে ভয় এবং ঘৃণা ছড়াতে পারে। ভুল- বোঝাবুঝি হতে পারে, এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে শান্তি বিঘ্নিত হতে পারে। সাধারণ মানুষের মনে এই মন্তব্য গভীর প্রভাব ফেলতে পারে।
অভিযোগকারী বলেছেন, যদি একে গুরুত্ব না দেওয়া হয় এর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। গণতান্ত্রিক পরিবেশে ব্যাঘাত ঘটাতে পারে এই মন্তব্যে। এটা দেশের সংবিধানের বিরোধী।
এছাড়া নির্বাচনের আগে এই মন্তব্য আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

