পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়্গপুর গ্রামীণের কৃষ্ণপুরে পিংলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতি এবং সবং বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস রঞ্জন ভুঁইঞার সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি এই দাবি করেন। একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র থেকে আসা বিভিন্ন তদন্তকারী সংস্থা ও প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, “একজনকে গ্রেপ্তার করলে আর একজনকে দায়িত্ব নিতে হবে। সংগঠনকে শক্তিশালী রাখতে বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে হবে।”
সভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ প্রসঙ্গে বিহার ও বাংলার মধ্যে ভিন্নতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কেন এক রাজ্যে যা নেই, অন্য রাজ্যে তা প্রয়োগ করা হচ্ছে—তা নিয়ে কমিশনকে জবাব দিতে হবে।
এদিন বিজেপির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর দাবি, বাংলায় ক্ষমতা দখলের জন্য বিজেপি “বাড়াবাড়ি” করছে, কিন্তু কোনওদিনই তা সম্ভব হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জনসভা থেকে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার, ভাষা ও পরিচয় রক্ষার জন্য এবার ভোট দিতে হবে। বিশেষ করে মহিলা ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটে বাধা এলে তার প্রতিবাদ করতে।
এছাড়াও, বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বলার জন্যও সেখানে হেনস্তার শিকার হতে হচ্ছে অনেককে।
শেষে তিনি দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করে বলেন, “ভুল করেও অন্য কোনও দলকে ভোট দেবেন না।” গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক জবাব দেওয়ার বার্তাও দেন তিনি।

