BJP, Midnapur, আম্বেদকর জয়ন্তীতে মাল্যদান, প্রচার শুরু বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইতের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ভারতীয় সংবিধানের প্রধান নির্মাতা ডঃ বি. আর. আম্বেদকর- এর জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরে শ্রদ্ধা ও রাজনৈতিক আবহে দিনটি পালন করা হয়।

শহরের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বটতলা চক এলাকায় আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটির সূচনা করেন ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত।

এদিন সকালে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি আম্বেদকরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেন ডঃ শঙ্কর গুছাইত।

উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আম্বেদকরের আদর্শ ও সংবিধানের মূল চেতনা রক্ষা করা আজকের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আদর্শকে সামনে রেখেই তিনি মানুষের কাছে পৌঁছতে চান এবং উন্নয়নের বার্তা নিয়ে প্রচার চালাবেন বলে জানান।

এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা চোখে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *