Route march, Keshpur, কেশপুরে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রশাসনের, রুট মার্চে জোরালো বার্তা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপিল: আসন্ন নির্বাচনকে ঘিরে কেশপুরে ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। ছাপ্পা বা বুথ জ্যাম নয়, এবার হবে সম্পূর্ণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট, এই বার্তাই সরাসরি মানুষের কাছে পৌঁছে দিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা।

সোমবার কেশপুর বাজার ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশের এক বৃহৎ রুট মার্চ অনুষ্ঠিত হয়। এই রুট মার্চে অংশ নেন জেলাশাসক বিজীন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষ, পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা থাকবে অত্যন্ত কড়া। যাতে কোনওভাবেই অশান্তি, ভয়ভীতি বা বেআইনি কার্যকলাপের সুযোগ না থাকে, তার জন্য আগে থেকেই সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

রুট মার্চ চলাকালীন প্রশাসনের এই সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আশ্বাস জোগায়। অনেকেই জানান, এভাবে সরাসরি এসে কথা বলায় তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। দোকানদারদের একাংশ বলেন, “প্রশাসন পাশে আছে বুঝতে পারছি, আশা করি ভোটটা শান্তিতেই হবে।”

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, নির্বাচনের দিন প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি নজরদারির জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল। কোথাও কোনও সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, কেশপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসনের এই উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এখন দেখার, ভোটের দিন এই প্রস্তুতি কতটা বাস্তবায়িত হয় এবং মানুষ কতটা নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *