স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত নদিয়া, ১৪
এপ্রিল: ভোটের আবহে আবারও উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার চাপড়া। আলফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোম পুকুর গ্রামের মৎস্যজীবী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বিজেপির মহিলা মোর্চার প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক অধীর হালদার।

স্থানীয় সূত্রে জানা যায়, ডোম পুকুরের হালদার পাড়ার বাসিন্দা অধীর হালদার দলীয় কর্মী ও বিজেপির মহিলা মোর্চার সদস্যদের নিয়ে এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিজিৎ বিশ্বাস, নুরে আলাম সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি বিজেপির। আক্রান্ত অধীর হালদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে, বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তাঁরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

