অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩জুলাই:
একের পর এক কাণ্ড যত সেই ঝাড়গ্ৰামে। এবার ভুয়ো আধার কার্ড চক্রের হদিশ মিলল এই জেলায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সারিয়া গ্রাম থেকে সুমন এন্টারপ্রাইজ নামে একটি দোকানে সোমবার হানা দেয়। সেখান থেকে থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে তিন যুবকে গ্ৰেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন অমরেশ ভূঁইয়া, সুমন সাহু ও সমীর রানা। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ ও জাল আধার কার্ড তৈরির বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
অসমের আইডি ব্যবহার করে ওই তিন যুবক জাল আধার কার্ড তৈরির ব্যাবসা ফেঁদে বসেছিল বলে জানিয়েছেন গোপীবল্লভপুর থানার পুলিশ। আধার কার্ড তৈরি করার জন্য কারো কাছে ৪০০ টাকা ও কারো কাছে ৫০০ টাকা নেওয়া হতো বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে সেই আধার কার্ডগুলি যে জাল তা কিন্তু ওই এলাকার বাসিন্দারা জানতেন না। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার কতজন মানুষ তাদের কাছে প্রতারিত হয়েছে তা খতিয়ে দেখছে গোপীবল্লভপুর থানার পুলিশ। সেই সঙ্গে এর সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। জাল আধার কার্ড কাণ্ডে অভিযুক্ত ধৃত তিন জনকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। সেখানে বিচারজ একজনকে তিন দিনের জেল হেফাজত ও দু জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

