পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ মার্চ: সম্পাদকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে অনাস্থা হিলিতে। নতুন কমিটি গড়তে পুরাতন কমিটি ভেঙে দিলেন রপ্তানীকারকরা। বুধবার সন্ধ্যায় হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা বালুরঘাটের একটি বেসরকারি লজে জরুরি বৈঠকে বসেন। সেখানে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিতে সভাপতি আলাউদ্দিন মন্ডল পুরাতন কমিটি ভেঙে দেন। আগামী ১৭ মার্চ সাধারণ সভা ডেকে নতুন কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, হিলি এক্সপোর্টারস এন্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পূর্বতন কমিটির সম্পাদক ধীরাজ অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে ৭ মার্চ অনাস্থা এনে ২১ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি থেকে ইস্তফা দেন ১১ জন সদস্য। যে ব্যাপারটি লিখিত আকারে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানান বিক্ষুব্ধ সদস্যরা। যারাই এদিন বৈঠকে বসে সভাপতির উপস্থিতিতে কমিটি ভেঙে দেন।
হিলি এক্সপোর্টার্স এন্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল বলেন, ২১ জনের কার্যকরী কমিটি থেকে সংখ্যা গরিষ্ঠ ১১ জন সদস্য পদত্যাগ করায় এদিন পুরোনো কমিটি ভেঙে দিয়েছেন। সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে। যেখানে আলোচনার মাধ্যমেই গঠিত হবে নতুন কমিটি।

