আমাদের ভারত, শিলিগুড়ি, ২১ ডিসেম্বর: জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি জেলা হাসপাতালে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
জানা গেছে, পেটের ব্যাথা নিয়ে ১৯ তারিখ শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হন পেশায় নিরাপত্তা রক্ষী সুরজিৎ চক্রবর্তী (৫০)। বাড়ি নিউ জলপাইগুড়ি সংলগ্ন ভোলামোড় এলাকায়। মঙ্গলবার সকালে তাঁর মা মীরা চক্রবর্তী রোগীর সাথে দেখা করতে আসলে হাসপাতালের তরফে তাঁকে জানানো হয়, তার ছেলে আত্মহত্যা করেছে। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পারিবারিক অশান্তি জেরে না কি মানসিক অবসাদের কারনে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

