ডাম্পারের ধাক্কায় চার্চের এক সিস্টারের মৃত্যু, ইটাহারে জাতীয় সড়ক অবরোধ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর: ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের মির্জাদীঘি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, স্কুটি করে মালদহের দিকে দুই মহিলা যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটির পেছনে বসে থাকা মহিলার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলার নাম বিনিতা লাকরা। তিনি ইটাহার থানার প্রতিরাজপুর এলাকার চার্চের সিস্টার। এই দুর্ঘটনায় আহত হন অপর এক সিস্টার। তার নাম বিলাসি। এরপরে স্থানীয় বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।

তাদের দাবি, বালিয়াপাড়া মোড় থেকে মারনাই মোড় পর্যন্ত জাতীয় সড়কের সংস্কারের কাজ চলছে, কিন্তু মাঝে কোথাও রাস্তা পার হওয়ার জায়গা নেই। এর ফলে দুর্ঘটনা ঘটে চলেছে। অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে পথ নিরাপত্তা ব্যবস্থা করার দাবি তুলেছেন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের কারনে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। এদিন দীর্ঘক্ষন অবরোধের কারণে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *