আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ এপ্রিল: স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুটের ঘটনা ঘটলো ফরাক্কাতে। এই ঘটনায় রীতিমতো স্তম্বিত এলাকার বাসিন্দারা। এটিএমে ঢোকার মুখে বাইরের ক্যামেরাটিকে পুড়িয়ে দিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে ভিতরের ক্যামেরা থেকে লেন্স উপড়ে ফেলে, তারপর এটিএমের যেখানে টাকা থাকে সেই ড্রয়ার বক্স আগুন দিয়ে পুড়িয়ে ভেতরের টাকা আত্মসাৎ করে নেয়। ঘটনাটি ঘটেছে ফরাক্কার জাফরগঞ্জ বাজার সংলগ্ন এসবিআই’য়ের এটিএমে। বৃহস্পতিবার রাত দুটোর পরে এই ঘটনা ঘটেছে, এমনটাই মনে করা হচ্ছে।
ঘটনার তদন্ত করা হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুব শিঘ্রই খুঁজে বের করা হবে, এমনটাই জানান ফরাক্কার এসডিপিও অসীম খান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফরাক্কার এসডিপিও অসীম খান। থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ঘটনাস্থলে আসেন ফরাক্কা ব্যারেজ স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অরবিন্দ মন্ডল। পরে আসে এটিএমের টেকনিক্যাল টিম। ঘটনার তদন্ত করে দেখেন তারা।
ফরাক্কার এসডিপিও অসীম খানের মতে, রাত একটার পরে ঘটনাটা ঘটেছে, আমরা সিসিটিভি ফুটেজ এবং টেকনিক্যাল ডিটেইলস সংগ্রহ করার কাজ করছি।
এলাকা বাসীরা বলেন, সম্ভবত রাত দুটো থেকে তিনটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। একটা গ্রামীণ বাজারের মধ্যে এটিএমটা রয়েছে, কিভাবে ঘটনাটি ঘটলো বোঝা যাচ্ছে না। আমরা চাই প্রশাসন অবিলম্বে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে।
ফরাক্কা ব্যারেজ স্টেট ব্যাঙ্কের শাখা প্রবন্ধকের মতে ৩৪ লক্ষ টাকা ২৯ তারিখে ভরা হয়েছিল। তারপর থেকে কেউ না কেউ টাকাতো তুলছেই। সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে এখনই বলা যাচ্ছে না।

