রাজ্যসভায় নয়া উচ্চতায় বিজেপি! ১৯৮৮ পর প্রথম কোন দল একক শক্তিতে ১০০ পেরোলো, খারাপ পরিস্থিতিতে কংগ্রেস

আমাদের ভারত, ১ এপ্রিল:রাজ্যসভা এক নতুন উচ্চতায় পৌঁছে গেল বিজেপি। সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলেছে পদ্ম শিবির। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনো দল রাজ্যসভায় একক শক্তিতে ১০০ পেরিয়েছে। অন্যদিকে কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ যে সংসদের উচ্চকক্ষে প্রধান বিরোধী দলের পরিচয়ও হারাতে হতে পারে তাদের।

শুক্রবার একসঙ্গে রাজ্যসভায় ১৩ জন নির্বাচিত হয়েছে। এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন। অসমের দুটি আসনে ও ত্রিপুরার একটি আসনে শুক্রবার নির্বাচন হয়। এই তিনটি আসনেই বিজেপি ও তার সঙ্গীরা জয়ী হয়েছে। অসম বিধানসভা শক্তি অনুযায়ী দুটি আসনের মধ্যে একটিতে জেতার কথা ছিল কংগ্রেসের। কিন্তু শেষ পর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করার ফলে সহজেই দ্বিতীয় আসনটিতেও জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থীরা। যার ফলে এই প্রথমবার অসম থেকে কংগ্রেসের কোনো সদস্য রাজ্যসভায় থাকছেন না। অথচ একটা সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অসম থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হয়েছিলেন।

অন্যদিকে ত্রিপুরাতেও বাম প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। এর ফলে ১৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছে চারটি আসনে। একটিতে জিতেছে বিজেপির জোটসঙ্গী ইউপিপিসিএল। পাঞ্জাবের ৫ আসনে আম আদমি পার্টি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বামেরা জয়ী হয়েছে কেরলের দুটি আসনে। কংগ্রেস জিতেছে কেরলের একটি আসনে।

তবে এই পর্বের ভোটে সবচেয়ে বেশি লাভবান আম আদমি পার্টি। কারণ এই ১৩টির মধ্যে একটি আসনও তাদের দখলে ছিল না। কিন্তু এবার তারা জিতল পাঁচটিতে। আর আগে বিজেপির দখলে ছিল মাত্র একটি। তাদের লাভ হল চারটি আসন। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কংগ্রেসের। ৫ আসন থেকে তারা নেমে এসেছে মাত্র একটি আসনে।

এই চার আসনে জয়ের ফলে বিজেপি রাজ্য সভায় ১০০ আসন ছুঁয়ে ফেলল। ইতিহাসে এই প্রথমবার বিজেপি রাজ্যসভার একক শক্তিতে ৩ সংখ্যায় পৌঁছালো। পাশাপাশি এনবিএ জোটের আসনসংখ্যা ম্যাজিক ফিগারের একেবারে কাছাকাছি পৌছে গেল। এর আগে ১৯৮৮ সালে কংগ্রেস রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়েছিল। সেই কংগ্রেস আপাতত রয়েছে ২৯ আসনে। আগামী ৫ মাসের মধ্যে আরও প্রায় ৬০ টি আসন ফাঁকা হওয়ার কথা রাজ্যসভায়। ওই নির্বাচন গুলির উপর নির্ভর করছে রাজ্যসভায় কংগ্রেসের আদৌ প্রধান বিরোধী দলের তকমা থাকবে কিনা। এই মুহূর্তে রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। তাদের দখলে ১৩টি আসন। ডিএমকের ১০টি এবং আপের ৮ জন সাংসদ রয়েছে রাজ্যসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *