স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ এপ্রিল: আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই নদিয়ার শান্তিপুরের কাশ্যপপাড়া এলাকায় একটি গলি থেকে দুটি পৃথক জায়গায় স্কুলছাত্রীর ইউনিফর্ম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া স্কুল ইউনিফর্মের বিষয়ে পুলিশ প্রশাসন কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে।

স্থানীয় বাসিন্দা, ডাক্তার শিবাজী কর জানান, “আমার বাড়ির পাশের গলিতে সকাল ন’টার সময় দেখতে পাই কিছু পরিত্যক্ত জামা কাপড় ঐ গলিতে পড়ে রয়েছে। আমি সামনে গিয়ে দেখি ওটা রাধারানী স্কুলের মেয়েদের ইউনিফর্ম। সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি। ঘটনাস্থলে পুলিশ এসছে। সিসিটিভি দেখে পুলিশ তদন্ত শুরু করেছে “।

যদিও এখনো পর্যন্ত কোনো ছাত্রীর নিরুদ্দেশের অভিযোগ জমা পড়েনি বলে জানা যায় পুলিশ সূত্রে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

