বাগদায় গুলি ভর্তি বন্দুক সহ গ্রেফতার এক বাংলাদেশি দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২ এপ্রিল: গুলি ভর্তি বন্দুক সহ বাংলাদেশের এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ৪৮ বছর বয়সি ধৃত ওই দুষ্কৃতীর নাম মহম্মদ উকিল মল্লিক। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মহম্মদ উকিল নামে বাংলাদেশের ওই দুষ্কৃতী উত্তর ২৪ পরগনার বাগদা থানার গাঙুলিয়া সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে। রাতে টহলরত বাগদা থানার পুলিশের একটি দল তাকে আষাঢ়ু এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে প্রথমে আটক করে। জিজ্ঞাসাবাদ করার সময় সে স্বীকার করে যে, সে চোরাপথে ভারতে প্রবেশ করেছে। এরপর পুলিশ তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি চালানোর পর সেখান থেকে একটি গুলি ভর্তি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তারপরই তাকে গ্রেফতার করে বাগদা থানায় নিয়ে যাওয়া হয়।

তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক অসামাজিক ও দুষ্কর্মের অভিযোগ রয়েছে। বাংলাদেশে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে চোরাপথে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এখানকার পুলিশের হাতে ধরা পরে গেল মহম্মদ উকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *