স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ এপ্রিল: থানা থেকে আদালতে আসামি নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ গাড়িতে নয়, অটোতে করে। চাঞ্চল্যকর ছবি উঠে এলো ক্যামেরায়।খোলামেলা অটোয় করে আসামি নিয়ে যাওয়ার পথে আসামি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলে বা পালিয়ে গেলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নদিয়ার শান্তিপুর থানার ঘটনা।
প্রতিদিন যে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়, নিয়ম অনুযায়ী তাদের পরের দিন আদালতে তুলতে হয়। পুলিশের গাড়িতে করে যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের আদালতে তোলা হয়। কিন্তু পুরোপুরি উল্টো চিত্র ধরা পড়ল শান্তিপুর থানায়। অটোতে পুলিশ স্টিকার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেপ্তার করা অভিযুক্তদের। রয়েছে একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার। এই প্রথম নয়, সূত্রের খবর এর আগেও বেশ কয়েকদিন অটোয় করে নিয়ে যাওয়া হয়েছে আসামি। প্রশ্ন উঠছে খোলামেলা গাড়িতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আদালতে নিয়ে যাওয়ার সময় যদি কোনও দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? যদিও এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাস কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।

