সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২ এপ্রিল: বারুণী মেলা আজ পাঁচ দিনে পড়লো। মেলা শুরু হওয়ার দুদিন আগে থেকে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে জলসত্র চালিয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের শক্তি সংঘ ও ঠাকুরনগর ফুল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথি উপলক্ষ্যে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বুধবার থেকে চলছে বারুণী মেলা। এই মেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে ঠাকুরবাড়ির পরিবারের দাবি। প্রতিদিনই কয়েক লক্ষ মতুয়া ভক্তদের সমাগম হয়।
পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি মেলা এই বারুণী মেলা। এই মেলায় দূর-দূরান্ত থেকে প্রচুর ভক্তরা মেলা দেখতে ভিড় জমায়। ঠাকুরনগর শক্তি সংঘ ও ঠাকুরনগর ফুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পার্থসারথি বিশ্বাস, প্রশান্ত দাস ঠাকুর ও শিশির বিশ্বাস বলেন, আমরা সাত দিন ধরে পূণ্যার্থীদের খাওয়া দাওয়া থেকে চিকিৎসা ও জলের যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা করেছি। এই পর্যন্ত আমরা ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি খাওয়ানোর ব্যবস্থা করি। কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়লে তার সুচিকিৎসার ব্যবস্থা করছি। প্রচুর মানুষ হাটতে হাটতে এই মেলা দেখতে আসছেন, তাঁদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছি সমিতির পক্ষ থেকে।

