সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ এপ্রিল: গৃহবধূকে গলা টিপে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার আশ্রাবাদ এজি কলোনি এলাকায়।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর নাম শান্তা বিশ্বাস (৪০)। ঘটনার পর অভিযুক্ত স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শান্তা বিশ্বাসের স্বামী বিশ্বনাথ বিশ্বাসের সঙ্গে প্রায় পারিবারিক ও সাংসারিক অশান্তি চলতো। শুক্রবার রাতে অশান্তি চরমে ওঠে। এরপর গভীর রাতে স্ত্রী শান্তা বিশ্বাসের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয় বিশ্বনাথ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল থেকে শান্তা বিশ্বাসকে দেখা যায়নি। প্রতিবেশীরা শান্তার খোঁজ নিতে এসে ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই দেখা যায় ঘরের বিছানায় পড়ে আছে শান্তা বিশ্বাসের নিথর দেহ। খবর দেওয়া হয় অশোকনগর থানায়, অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল দু’জনের মধ্যে। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পর বিশ্বনাথ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

