রাজেন রায়, কলকাতা, ৭ নভেম্বর: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে গত বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিলেন। গোটা দেশে প্রায় ৮০ কোটি মানুষকে মাসিক বিনা মূল্যে ৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ইতিমধ্যে এই পরিস্থিতিতে বিনামূল্যের রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এরপরে আর বিনামূল্যের রেশন পাবেন না’ দেশবাসী।
তবে কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখবে এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার বিনামূল্যে যে রেশন ব্যবস্থা চালু রয়েছে সেটা চালু থাকবে। পাশাপাশি তিনি জানিয়েছেন গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়াটা ঠিক নয়।
করোনা পরিস্থিতি এখনও চলছে। মন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যের রেশনের জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল সেটা ওরা বন্ধ করেছে। তবে রাজ্য এই বিনামূল্যের রেশন পরিষেবা চালু রাখবে।
শনিবার সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করে লেখেন, ‘গরিব মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিন। এই প্রকল্পের মেয়াদ ফুরনোর কথা আগামী ৩০ নভেম্বর। কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে দেশজুড়ে। কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
কিন্তু এদিন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, ‘দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত এক বছরে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন কাজকর্ম সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। ব্যবসাও ঘুরে দাঁড়িয়েছে। তাই বিনামূল্যের রেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

