Environment Day, Bankura, বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ায় পরিবেশ দিবস পালন

আমাদের ভারত, বাঁকুড়া, ৫ জুন: বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে ছোটটিহি গ্রাম ও প্রাইমারি স্কুল চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানো হয়।

বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, পড়ুয়া ও গ্রামবাসীরা এতে অংশ নেন। এছাড়াও বাঁকুড়া জেলা স্কুলের সামনে বিধায়ক ও বিজেপির উদ্যোগে গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে পৌরপ্রধান অলকাসেন মজুমদার ও উপ- পৌরপ্রধান হিরণ চট্টরাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের পক্ষ থেকে জেলার তিন মহকুমায় ৫টি করে পুকুর পরিষ্কার করা হয়।

সংস্থার সভাপতি সঙ্গীতা বিশ্বাস ও সম্পাদক ঝর্ণা গঙ্গোপাধ্যায় বলেন, বৃষ্টির জল যখন যেখানে যতটুকু পড়বে তা ধরে রেখে জল সমৃদ্ধ ও সবুজ এলাকা গড়ার জন্য জলাশয় পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পুকুরে পদ্ম ও মাছ চাষ করে আয় করতে পারবেন গ্রামবাসীরা। সেই জল চাষ ও অন্য কাজে ব্যবহার করা যাবে। এতে পরিবেশের লাভ হবে বেশি। এলাকা ঠান্ডা হবে, মাটির জলস্তর বাড়বে, প্রকৃতি সবুজ, দূষণ মুক্ত ও ঠান্ডা হবে। জলচক্র, বাস্তুতন্ত্র ও জীব-বৈচিত্র সুরক্ষিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *