পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনের মধ্যে তৃণমূল ১৩ টি ও বিজেপি দুটি আসনে জয়ী

কুমারেশ রায়, অামাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মে: পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে ও বিজেপি ২টি আসনে জয় লাভ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কেন্দ্রে অভিনেত্রী জুন মালিয়া, শালবনি কেন্দ্রে শ্রীকান্ত মাহাতো, গড়বেতা কেন্দ্রে উত্তরা সিংহ হাজরা, কেশপুর কেন্দ্রে শিউলি সাহা, চন্দ্রকোনা কেন্দ্রে অরূপ ধাড়া, দাসপুর কেন্দ্রে মমতা ভুঁইঞা, ডেবরা কেন্দ্রে হুমায়ুন কবীর, পিংলা কেন্দ্রে অজিত মাইতি, সবং কেন্দ্রে ডাক্তার মানস ভুঁইঞা, খড়গপুর গ্রামীণ কেন্দ্রে দিনেন রায়, নারায়ণগড় কেন্দ্রে সূর্য অট্ট, দাঁতন কেন্দ্রে বিক্রম চন্দ্র প্রধান ও কেশিয়াড়ি কেন্দ্র থেকে পরেশ মুর্মু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয় লাভ করেছেন। খড়গপুর সদর কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও ঘাটাল কেন্দ্র থেকে শীতল কপাট বিজেপি দলের প্রার্থী হিসেবে জয়লাভ করেছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩ টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি ও কংগ্রেস একটি করে আসনে জয়লাভ করেছিল। তবে দিলীপ ঘোষ বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় খড়গপুর সদর আসনটিতে উপনির্বাচন হয়।তাতে তৃণমূলের প্রদীপ সরকার জয়লাভ করেছিল।এবার প্রদীপ সরকারকে হারিয়ে মাত্র ৩১১৯ ভোটে বিজেপি দলের প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করে। অপর দিকে ঘাটালের দুই বারের তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলই মাত্র এক হাজার ভোটে বিজেপি প্রার্থী শীতল কপাটের কাছে পরাজিত হয়। তবে গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে তৃণমূল এগিয়ে ছিল। অপরদিকে গত লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা সত্বেও মেদিনীপুর, গড়বেতা, ডেবরা, দাঁতন, নারায়ণগড়, কেশিয়াড়িতে এগিয়ে থাকা সত্বেও বিজেপি বিধানসভা নির্বাচনে জয় লাভ করতে পারেনি।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, কি কারণে ওই দুটি আসনে দলের প্রার্থীরা সামান্য ভোটে হেরেছেন তা খতিয়ে দেখা হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে বিজেপিকে প্রত্যাখ্যান করায় তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *