জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে তৃতীয় রেললাইন তৈরির এবং নন ইন্টারলকিং কাজ চলার কারণে সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য হাওড়া-খড়্গপুর-ভুবনেশ্বর শাখায় দৈনিক আট জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশন একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী রেলওয়ে জংশন হওয়ায় এই স্টেশনে এই কাজ করা জরুরি হয়েছিল বলে জানিয়েছেন রেলের খড়্গপুর ডিভিশনের আধিকারিক রাজেশ কুমার।

তিনি জানিয়েছেন, আজ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত, দক্ষিণ পূর্ব রেলওয়ে পর্যায়ক্রমে ট্রেন বাতিলের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। খড়্গপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার ট্রেন বাতিলের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।


