রাজেন রায়, কলকাতা, ২৮ আগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এ দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে নোটিশ পাঠিয়েছে ইডি। তাদেরক নয়া দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
আগামী ১ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রুজিরাকে। এর পরে ৬ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে অভিষেককে। এছাড়া কয়লাকাণ্ডে অভিযুক্ত দুই আইপিএস’কে তলব করা হয়েছে। এরা হলেন আইপিএস অফিসার শ্যাম সিং ও জ্ঞানবন্ত সিং। তাদের আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণ্মূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে এবং তা অব্যাহত রেখেছে। আমি শুধু বলব, তদন্তের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলকে যে আক্রমণের চেষ্টা চলছে, তা বাংলার জনগণ মেনে নেবে না। এ ধরনের আচরণ যে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে নয়, তা প্রমাণিত।”
এর আগে কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রীকে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার আগে তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করে বলেছিলেন, বিজেপির হাতে দুটি অস্ত্র রয়েছে, সিবিআই ও ইডি। তবে তিনি বলেছিলেন, এভাবে ভয় দেখিয়ে কিছুই করা যাবে না।

