আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই:
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আজ রাজ্যের কয়েকটি জায়গার সঙ্গে সঙ্গেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত চালায় পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার খিরিন্দা গ্রামের মধু অধিকারী এবং কৃষ্ণ অধিকারীর বাড়িতে। সম্পর্কে এঁরা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একমাত্র জামাইয়ের মামা।
জানাগেছে, আজ সকাল ১০টা নাগাদ পিংলার খিরিন্দা গ্রামের ঐ বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের প্রতিনিধি দল এসে তদন্ত শুরু করে।

উল্লেখ্য, পিংলার এই প্রত্যন্ত গ্রামেই পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে গড়ে উঠেছে বিসিএম ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল। সেই সঙ্গেই একটি কৃষিভিত্তিক সংস্থার কার্যালয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে বাড়িটি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। প্রায় ২৭ বিঘা জমিতে স্কুল ও কৃষিভিত্তিক সংস্থার কার্যালয়টি গড়ে উঠেছে। এই স্কুলে পার্থ চট্টোপাধ্যায় কয়েকবার এসেছিলেন। বর্তমানে, পার্থবাবুর প্রবাসী জামাই এই স্কুলের দায়িত্বে আছেন। তবে তার মামা মধু ও কৃষ্ণ অধিকারী এই সম্পত্তি দেখভাল করেন।

