জয় লাহা, দুর্গাপুর, ১ এপ্রিল: বাড়ি বাড়ি দলীয় প্রার্থীর প্রচারে বিজেপির জনসম্পর্ক অভিযানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় মাথা ফাটল মন্ডল সভাপতির। বৃহঃস্পতিবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পান্ডবেশ্বরের কেন্দ্রায়। ঘটনায় গুরুতর জখম ভৈরব রুইদাস নামে ওই বিজেপি নেতা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামল বিশাল পুলিশবাহিনী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঘটনায় জানা গেছে, গত কয়েকদিন ধরে উত্তপ্ত পান্ডবেশ্বর। বৃহঃস্পতিবার পান্ডবেশ্বরের কেন্দ্রা মেটেল ধাওড়া এলাকায় দলীয় প্রার্থী জীতেন্দ্র তেওয়ারীর সমর্থনে প্রচার করছিল বিজেপির তপশীলি মোর্চার কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি জনসম্পর্কের মাধ্যমে তাদের প্রচার কর্মসূচি চলছিল বলে দাবি বিজেপির। অভিযোগ ওইসময় আচমকা একদল তৃণমূলকর্মী সমর্থক ইট, পাথর ছুঁড়তে শুরু করে।
আর তাতেই ৪ জন আহত হয়। তার মধ্যে ভৈরব রুইদাস নামে তপশীলি মোর্চার পান্ডবেশ্বর ১নং মন্ডলের সভাপতির মাথা ফেটে যায়। মাথার পিছনে গুরুতর জখম হয়। গুরুতর অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান হাতেও আঘাত লেগেছে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

ঘটনায় পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী বলেন,” আমাদের কর্মীরা যখন প্রচার করছিল, তখন তৃণমূলের লোকজন হামলা চালায়। একজনের মাথা ফেটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি।” তিনি আরও বলেন, ” তৃণমূল প্রার্থীর কাছে অনুরোধ করব, এসব বোমা-গুলি নিয়ে রাজনীতি বন্ধ করুন। যারা মারা যাচ্ছে আহত হচ্ছে তারা পান্ডবেশ্বরের লোক। যারা মারছে তারাও পান্ডবেশ্বরের লোক। সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই হোক।”
অন্যদিকে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন,” নন্দীগ্রামে ভোট। সেখানে আমাদের নেত্রী প্রার্থী। তাই নেত্রীর মঙ্গল কামনায় পান্ডবেশ্বরে বিভিন্ন মসজিদে মুসলিম ভাইয়েরা বিশেষ নামাজ পড়ছেন। মন্দিরে মন্দিরে হিন্দু পরিবারের থেকে পূজা আর্চনা চলছে। মেটেল ধাওড়া এলাকায় বিজেপি অশান্ত করার চেষ্টা করে। তখন গ্রামবাসীরা প্রতিরোধ করেছে। বিজেপির এই নোংরা রাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” ঘটনায় পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার তদন্ত চলছে।”

