পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জেলার মানুষজনকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানান, দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। খড়্গপুর, মেদিনীপুর ও ঘাটালের মতো জনবহুল পুজো এলাকায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক সম্মেলনে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানান।

পুলিশ সুপার জানান, জেলার ভিতরে ও সীমান্তবর্তী এলাকায় ৪৩টি নাকা পয়েন্ট, বিভিন্ন মণ্ডপ ও গুরুত্বপূর্ণ মোড়ে ৬৩টি পুলিশি সহায়তা কেন্দ্র এবং ৪৪টি সাইবার ওয়াল তৈরি করা হবে। গত বছরের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। অতিরিক্ত ২০ জন অফিসার ও ৫০০ জন কনস্টেবল মোতায়েনের পাশাপাশি থাকবে র্যাফ, মহিলা পুলিশ ও দুর্গাবাহিনী। তৃতীয়া থেকেই রাস্তায় নামবে দুর্গাবাহিনী। এছাড়া ১৫৯টি বিশেষ মোটর বাইক টহল দেবে।
জেলা পুলিশ সুপার আরোও বলেন, পুজোর দিন সকলের খুব আনন্দে কাটুক, তবে নিয়ম- শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। পাশাপাশি জেলাজুড়ে পুজো দেখার জন্য গাইড লাইন ম্যাপ উদ্বোধন করা হয়।

এদিনের অনুষ্ঠানে সিভিক ভলান্টিয়ারদের পোশাক ও এবং মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত দুর্গা বাহিনীর সদস্যাদের স্কুটি দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

