DurgKhuti Puja, Midnapur, জন্মাষ্টমীতেই দুর্গোৎসবের সূচনা, খুঁটি পুজোয় বেজে উঠল বাংলার গৌরবের সুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কোথাও খুঁটি পুজো, কোথাও কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। সেই আবহেই শনিবার সকালে মেদিনীপুর শহরের অন্যতম সেরা থিম পুজো হিসেবে পরিচিত সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে
আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের দুর্গোৎসবের প্রস্তুতি।

এবার সংযুক্তপল্লী সর্বজনীনের দুর্গোৎসব বিশেষ তাৎপর্য বহন করছে। দুর্গোৎসব কমিটির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে এবারের ভাবনায় উঠে এসেছে বাঙালির আত্মপরিচয়, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গৌরবের বার্তা। এবারের থিম ‘মোদের গরব, মোদের আশা, আ- মরি বাংলা ভাষা’। ফলে পুজোর শুরু থেকেই মেদিনীপুর শহরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা।

শনিবার সকালে আয়োজিত খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গোৎসব কমিটির সভাপতি শান্তনু চক্রবর্তী, সম্পাদক তাপস সিনহা, যুগ্ম সম্পাদক সুরজিৎ সাঁতরা- সহ ক্লাবের সমস্ত সদস্য- সদস্যারা। পুজোর আনুষ্ঠানিকতা ঘিরে এদিন সংযুক্তপল্লী প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে প্রতিমা, আলোকসজ্জা ও থিমের বিভিন্ন কাজের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

এদিনের অনুষ্ঠানে শুধু পুজোর সূচনাই নয়, প্রকাশ পেল বাংলার ভাষা ও সংস্কৃতির প্রতি আবেগও। উপস্থিত সদস্যদের মুখে মুখে ধ্বনিত হয় ‘বন্দে মাতরম’-এর সুর।

পুজো কমিটির সদস্যদের কথায়, প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে এমন একটি ভাবনা তুলে ধরা হয়েছে, যা একইসঙ্গে বাঙালির গর্ব, আবেগ এবং সাংস্কৃতিক শিকড়কে সামনে আনবে।

প্রতি বছরই নতুন ভাবনা, নান্দনিক মণ্ডপসজ্জা এবং ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে মেদিনীপুর শহরের দুর্গাপুজো মানচিত্রে বিশেষ জায়গা করে নেয় সংযুক্তপল্লী সর্বজনীন। তাই এবারের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে ‘মোদের গরব, মোদের আশা, আ- মরি বাংলা ভাষা’ থিম কতটা চমক তৈরি করে, এখন থেকে তার অপেক্ষায় শহরবাসী।

জন্মাষ্টমীর পুণ্যলগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সেই অপেক্ষারই আনুষ্ঠানিক পর্ব। সামনে পুজো যত এগোবে, ততই স্পষ্ট হবে সংযুক্তপল্লীর এবারের থিমের রূপ ও বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *