সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ সেপ্টেম্বর: বাঁকুড়া সোনামুখী উত্তরচক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা পালন করলো শিক্ষক দিবস। ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতি নিয়ে খুদে ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং শিক্ষানুরাগীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। শিক্ষার গুরুত্ব, শিক্ষকতার মর্যাদা ও মূল্যবোধের নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে ছাত্র- ছাত্রীরা গ্ৰাম পরিক্রমার পর বিদ্যালয়ের সভাকক্ষে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত সকলে তাঁর জীবন, কর্ম ও শিক্ষাদর্শের প্রতি শ্রদ্ধা জানান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পাপিয়া বাউরি সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা। শিক্ষক দিবসের এই দিনে কচিকাঁচা ছাত্র- ছাত্রীরা তাঁদের প্রিয় শিক্ষকদের বিভিন্ন উপহার দেয় এবং প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে শিক্ষকরা নিজেদের তাঁদের প্রাণপ্রিয় ছাত্র- ছাত্রীদের জন্য বিভিন্ন উপহার দিয়ে তাদের আশীর্বাদ করেন। শুধু তাই নয়, ছাত্র- ছাত্রীদের জন্য বিদ্যালয়ে ফ্রাইড রাইস, চিকেন- সহ নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, প্রতি মুহূর্তে ছাত্র- ছাত্রীদের ভালো লাগা, মন্দ লাগা বুঝে চলতে হয়। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি ছাত্র- ছাত্রীদের চরিত্র গঠন, মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ভিতও তৈরি করেন। তাই শিক্ষকদের আচার- আচরণ, কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ, সবকিছুতেই একটি মার্জিত ও আদর্শ আচরণ থাকা প্রয়োজন। কারণ শিশুরা শিক্ষকদের অনুসরণ করে এবং শিক্ষকই তাদের জীবনের অন্যতম আদর্শ।”


