খবরের জেরে শেষ পর্যন্ত ভ্যাকসিন পেলেন পুরুলিয়ার বাসিন্দা বিশ্বরূপ ওঝা

সাথী দাস, পুরুলিয়া, ৫ জুলাই: খবরের জেরে শেষ পর্যন্ত ভ্যাকসিন পেলেন পুরুলিয়ার বাসিন্দা বিশ্বরূপ ওঝা। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই মোবাইলে ‘ভ্যাকসিন সাকসেসফুল’ মেসেজ আসে। তাই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাচ্ছিলেন না। ঘটনায় চরম সমস্যায় পড়েছিলেন ওই ভ্যাকসিন গ্রহিতা।

তাঁর অভিযোগ, কোভিড ভ্যাকসিন হেল্পলাইন নম্বর ১০৭৫ ও ১০৪ -এ যোগাযোগ করেও মেলেনি সুরাহা। দ্বিতীয় ডোজ না নিয়েও অনলাইনে সাকসেসফুল ম্যাসেজ থাকায় আর মিলছিল না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ‘রেজিস্ট্রেশন ডেট’। ঘটনায় সমস্যায় পড়েছিলেন পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা পেশায় রেলওয়ে ইঞ্জিনিয়ার ৬০ বছর বয়সী বিশ্বরুপ ওঝা। ভ্যাকসিন পেতে চরম হয়রানি হয়েছিল তাঁর। ঘটনায় স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছিলেন তিনি। ঘটনায় তদন্তের দাবিও জানিয়েছিলেন। পাশাপাশি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন রেখেছিলেন ওই ব্যক্তি।

জেলা স্বাস্থ্য দফতরের তৎপরতায় আজ ওই ব্যক্তি দ্বিতীয় ডোজ পেলেন। পুরুলিয়ার ১০ নম্বর ওয়ার্ডে হাডকো কমপ্লেক্সে পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় টিকা নিলেন ওই ব্যক্তি। আপ্লুত ওই ব্যক্তি দফতরের টেকনিক্যালি ভুলের জন্য কোনও স্বাস্থ্যকর্মীর শাস্তি চান না বলে জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *