মহামারীর নিস্তরঙ্গ শহরে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার! গ্রেফতার নেতারা প্রেসিডেন্সি জেলে

রাজেন রায়, কলকাতা, ৫ জুলাই: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে লালবাজার’কে চিঠি দিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেও মহামারীর কারণে তার সম্মতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু তার জেরে পিছিয়ে যাননি বিজেপি নেতৃত্ব। সোমবার ঘোষিত সূচি পাল্টে অন্য রাস্তায় গিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা কর্মীরা।গ্রেফতারি-স্লোগানেই শেষ হল অভিযান।

সোমবার দুপুর সওয়া একটা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। এ দিন দুপুর ১টা নাগাদ বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলেজ স্ট্রিট থেকে ওয়েলিংটনের দিকে রাস্তায় ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। ফলে ওয়েলিংটনের দিকে না গিয়ে গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে মিছিল। বিভিন্ন জায়গায় পুলিশ মিছিল আটকে দেয়।

তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। চলে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা। একের পর এক বিজেপি নেতা কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। পুলিশের বিরুদ্ধে বুকে আঘাত করার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। গ্রেফতার হন অগ্নিমিত্রা পাল, রিতেশ তেওয়ারি, সায়ন্তন বসু সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *