কোভিড পরিস্থিতির কারণে ১৫ মে পর্যন্ত পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে জনসাধারণের প্রবেশ বন্ধ

সাথী দাস, পুরুলিয়া, ১৬ এপ্রিল: এক মাসের জন্য দর্শকদের প্রবেশ বন্ধ হয়ে গেল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের দরজা। কোভিড পরিস্থিতির কারণে আজ থেকে ১৫ মে পর্যন্ত জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি দিল কর্তৃপক্ষ।

পুরুলিয়া জেলায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। প্রশাসনিক দিক থেকে সচেতনার প্রচার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের এই সিদ্ধান্ত বলে জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়। তিনি জানান,”ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি বা অনলাইন ভিডিওর মাধ্যমে করার জন্য ঊর্ধ্বতনদের নির্দেশিকার অপেক্ষায় রয়েছি। তবে, শিক্ষার্থীদের সামার ক্যাম্প অনুষ্ঠিত হবে না। স্কুল ছুটি থাকলেও এই বার্ষিক বিশেষ শিবির ও কর্মশালা এবারও অধরাই থাকছে শিক্ষার্থীদের।”

বিশ্ব মহামারি কোভিড ১৯ এর কারণে গত বছর মার্চ মাসের ২০ তারিখ থেকে জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছিল এই কেন্দ্রটি। প্রায় ৮ মাস পর ওই বছরের ১০ নভেম্বর দর্শকদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তার পর করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের আজ থেকে আপাতত এক মাসের জন্য বন্ধ থাকল এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *