অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক কাপড় ব্যবসায়ী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি মার্কেট কমপ্লেক্সে। মৃত যুবকের নাম গৌতম পাল, বয়স আনুমানিক ২৭ বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার। ব্যবসার সুত্রে কুলটিকরি বাজারে একটি কাপড়ের দোকান চালাতেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয় মানুষজন কাপড় দোকানের সিলিং ফ্যানে গামছা গলায় জড়িয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গৌতম পালকে। তার পরেই খবর দেন পুলিশ ও পরিবারের লোকজনকে। পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে পাঠিয়েছন। এলাকার একজন তরতাজা যুবকের এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দীর্ঘদিন ধরে সফল ভাবে কাপড়ের দোকান চালানোর পর কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই যুবক প্রশ্ন উঠতে শুরু করছে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রেমে প্রত্যাখাত হয়ে আত্মহত্যা করেছেন গৌতম পাল।
পরিবারের দাবি, দীর্ঘদিন একজন মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল যুবকের। কিন্তু কিছুদিন ধরে মেয়েটি চাকরি পাওয়ার পর গৌতমকে এড়িয়ে চলছিল তা থেকেই আত্মহত্যা বলে পরিবারের অনুমান। তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত করছে সাঁকরাইল থানার পুলিশ।

