আমাদের ভারত, ১৬ এপ্রিল: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ধাম ঠাকুরনগরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। নদীয়া তেহট্টর সভা থেকে মতুয়াদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যেমন অনুপ্রবেশ বন্ধ করা তেমনই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক দুর্নীতিতে সরব হয়েছেন তিনি।
অমিত শাহ অভিযোগ করেন গত ১০ বছরে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। তাই ক্ষমতায় এলে মতুয়া নমঃশূদ্র বিকাশ বোর্ড গঠন করা হবে। সরকার গঠন হওয়ার পরই ঠাকুরনগর স্টেশন এর নাম শ্রীধাম ঠাকুরনগর করা হবে। ঠাকুরনগরকে জুড়ে দেওয়া হবে টুরিস্ট সার্কিটের সঙ্গেও। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
অমিত শাহ বলেন, “তৃণমূল কংগ্রেস তো নয়ই সিপিএম কংগ্রেস ও অনুপ্রবেশকারীদের রুখতে পারবে না। কারণ ওদের ভোটব্যাঙ্কই হচ্ছে এই অনুপ্রবেশকারীরা। তাই এই কাজ পারবে একমাত্র বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গড়ে দিন। সীমান্ত পার করা মানুষ তো দূরের কথা পাখিও ঢুকতে পারবে না।”
অমিত শাহ আরও বলেন, “দিদি আপনি আর কতদিন আছেন? ২ মে আপনার বিদায় নিশ্চিত। তারপর মতুয়া ও নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে। তিনি প্রশ্ন তুলে বলেন, এতদিন যারা এখানে বসবাস করছে তারা নাগরিকত্ব পাবে না? আপনার ভোটব্যাঙ্কের মানুষদের তাতে আপত্তি আছে বলেই? আমরা ভোটব্যাংকে রাজনীতি করি না।”
কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পের কথা তুলে শাহ বলেন, “কেন্দ্রের পাঠানো এই টাকা গোটা দেশের কৃষকরা পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছেন না, কারণ দিদি বলেছেন এই টাকার দরকার নেই। আপনারা বলুন এই টাকার প্রয়োজন আছে কি, নেই? আমি বলে যাচ্ছি বিজেপি ক্ষমতায় এলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন বছরের ১৮ হাজার টাকা জমা করে দেব।
শাহ কটাক্ষ করে বলেন, মোদীজি কিষান সম্মান নিধি দিতে চান আর দিদি চান ভাইপোর সম্মান। মোদী সরকার আয়ুষ্মান ভারত যোজনা এনেছে, ওই টাকাও পশ্চিমবঙ্গের মানুষ পান না, কারণ দিদি তা রুখে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, মোদী চান আর্থিক উন্নয়ন, আর দিদি চান দুর্নীতির বাড়বাড়ন্ত।

