চুঁচুড়া কোর্টে বিচারে বিলম্ব হওয়ায় হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি

আমাদের ভারত, হুগলী, ২৪ ডিসেম্বর: আদালতে বিচারে বিলম্ব হওয়ায় আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। শুক্রবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া আদালতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডুকে ২০২০ সালে এনডিপিএস মমলায় গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছে না আসামি। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা আসছে কিন্তু সেভাবে ডেট পাচ্ছে না। বিলম্ব হচ্ছে বিচার পেতে। মানসিক অবসাদের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন আদালত চত্ত্বরের বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষজন।

তবে ওই বিচারাধীন বন্দি কি ভাবে ব্লেড নিয়ে এজলাসের ভিতরে ঢুকল? এই নিয়ে গাফিলতির প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন।

হুগলী ল-ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সভাপতি পার্থ নিয়োগী জানিয়েছেন, এজলাসের ভিতরে কে বা কারা ওকে ব্লেড দিয়েছে সেটা বলতে পারব না। তবে কোর্ট লকাপের ভিতরে এইসব হবে না। রাস্তায় হয়তো বন্ধু বান্ধবরা দিতে পারে। যদিও গাফিলতির একটা বিষয় থেকেই যাচ্ছে। পুলিশি তদন্তের পর গোটা বিষয়টা বোঝা যাবে। আহত অবস্থায় ওই বিচারাধীন বন্দিকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর ফের হুগলী জেলা সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হয় বলে খবর মিলেছে।

তবে এই বিষয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *